মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ১১ থেকে ১৩ আগস্ট দেশটি সফর করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই দ্বিপাক্ষিক সরকারি সফরের সময় মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান জানান, এই সফরে দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উভয়ই এই সমঝোতা স্মারক এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, এই সফরে অভিবাসন ও বিনিয়োগ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় সফরে আরও বেশি সংখ্যক কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করা হবে এবং এ বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এই সফর বাংলাদেশের মালয়েশিয়ার সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।



















