মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার সম্ভাবনা ও এনসিপির শঙ্কা
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে কর্মী নিয়োগের জন্য মাত্র ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। তাদের মতে, যোগ্য ও বৈধ প্রতিটি এজেন্সির জন্য সমান সুযোগ এবং সহনীয় অভিবাসন ব্যয় নিশ্চিত করতে হবে, যাতে কর্মীদের রক্ত পানি করা অর্থ কোনো নতুন সিন্ডিকেটের পকেটে না যায়।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, সরকার আগে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠালেও কীভাবে এবং কিসের ভিত্তিতে মাত্র ২৫টি এজেন্সিকে বাছাই করা হলো, তা স্পষ্ট করা জরুরি। অতীতে সিন্ডিকেটের কারণে নির্ধারিত ফি-এর চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হয়েছে, যার ফলে বহু কর্মী সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন। নতুন করে এমন কোনো ব্যবস্থা তৈরি হলে তার প্রভাব সরাসরি সাধারণ কর্মীদের ওপরই পড়বে।
দলটি আরও জোর দিয়ে বলেছে, পতিত সরকারের আমলে গড়ে ওঠা অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। একই সাথে ২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করেও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা উচিত। নিয়োগ সংখ্যা, পদ্ধতি ও অভিবাসন ব্যয় পুরোপুরি স্বচ্ছ রেখে প্রকাশ করার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রতি আহ্বান জানানো হয়েছে।



















