মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিদের কর্মসংস্থান ও বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী পেনাং অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী চৌ কোন ইয়েওয়ের সঙ্গে কমটার ভবনে তার সরকারি অফিসে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ বৈঠকে বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টর শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশেষ আলোচনা হয়। হাইকমিশনার বাংলাদেশে সেমিকন্ডাকটর শিল্পের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কাজের সুযোগ সৃষ্টির জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এ ছাড়া বাণিজ্য ও আন্তঃসংযোগ বাড়াতে পেনাং ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি জলপথ যোগাযোগ স্থাপন এবং ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে কথা হয়। একই সঙ্গে পর্যটন, বিশেষ করে স্বাস্থ্য পর্যটন খাতে দুই অঞ্চলের যৌথ সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ আনা এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর সম্ভাবনা উঠে আসে। বৈঠকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, অনারারি কনসাল, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ও তৃতীয় সচিব (রাজনৈতিক) তানজিম হুসাইন উপস্থিত ছিলেন।



















