মালয়েশিয়ায় প্রীতি ফুটসাল ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রীর দলের জয়
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব (বিডিএফসি) মালয়েশিয়া এবং সফররত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বাধীন দলের মধ্যে এক প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১২টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল ৩-১ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে প্রথম গোলটি করেন প্রতিমন্ত্রী আমিনুল হক নিজে, আর তার দলে অন্যান্যদের মধ্যে খেলেন তার ছেলে আয়ান এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী।
খেলা শেষে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রীকে বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার প্রতিনিধি রাফিজ রহমান রাসেল, মো. সাইফুদ্দিন, আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম ও বাপ্পী কুমার দাসসহ আরও অনেকে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আমিনুল হক বিডিএফসির আয়োজনের প্রশংসা করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসে থেকেও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের এমন আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে সাহায্য করবে।
তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করা যেতে পারে। এর মাধ্যমে প্রবাসীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মানসম্মত খেলোয়াড় তুলে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


















