মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার (৪ নভেম্বর) এক মতবিনিময় সভার আয়োজন করে।
বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান।
সভায় নির্বাচন কমিশনের ৬ সদস্যের টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়ার ধাপ, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। এ সময় উপস্থিত প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং গঠনমূলক মতামত দেন, যার সবগুলোর সন্তোষজনক উত্তর দেন টিমপ্রধান।
বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল, যা নাগরিক পরিচয় থেকে শুরু করে ভোটার হওয়া পর্যন্ত নানা ক্ষেত্রে অপরিহার্য। তাই মালদ্বীপে অবস্থানরত যেসব প্রবাসীর এখনও জাতীয় পরিচয়পত্র নেই, তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়। সভা শেষে কিছু প্রবাসীর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, “নাগরিক পরিচয়ের প্রথম ধাপই জাতীয় পরিচয়পত্র। প্রবাসীরা এ উদ্যোগে যুক্ত হলে তারা শুধু নাগরিক দায়িত্বই পালন করবেন না, বরং দেশের সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন।” তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রম মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে উপকৃত করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগেও সহায়ক হবে।
তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের আহ্বান জানান—এ কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সবাই যেন ভূমিকা রাখেন।


















