মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে আয়োজিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে এয়ারলাইন্সটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, কার্গো কার্যক্রম এবং পর্যটন উন্নয়নে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অবদানের কথা তুলে ধরেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন সুবিধা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন



















