মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম এর মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি।
সাক্ষাতে উপস্থিত ছিলেন দিদারুলের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাইয়ের ছেলে আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। পাশাপাশি প্রধান উপদেষ্টার সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “পত্রিকায় ঘটনাটি পড়ে হতবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে দেখেছি, নিউ ইয়র্কে তার শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। দিদারুল বহু মানুষের শোক-শ্রদ্ধা-ভালোবাসা পেয়েছেন। নিউ ইয়র্ক সফরের পরিকল্পনার মধ্যেই আমাদের মনে হয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতে হবে।”
পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউ ইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তার দুটি সন্তান রয়েছে।
গত ২৮ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। সেদিন এক তরুণ বহুতল করপোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে নিজেই আত্মহত্যা করে। জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিদারুল। তার মরদেহে আট থেকে দশটি বুলেটের চিহ্ন ছিল বলে জানিয়েছেন পরিবার।



















