মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার জের ধরে ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালের ইতিহাসে এক অভূতপূর্ব রেকর্ড দরপতন ঘটেছে। বর্তমানে খোলা বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২২ লাখ ইরানি রিয়াল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংঘাতের উত্তাপ বাড়ার পর অবাধ বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোতে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংঘাত তীব্র হওয়ার ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিয়ালের মান প্রায় ১০ শতাংশ কমে গেছে। মূলত চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধপরিস্থিতি সৃষ্টি হওয়া এবং পরবর্তীতে নতুন করে বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ইরানি মুদ্রার মান পূর্বের তুলনায় অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে।
এদিকে মুদ্রার এই চরম দরপতনের খবরের পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধির খবর পাওয়া গেছে। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ইরানের ওপর ক্রমাগত রাজনৈতিক ও সামরিক চাপের পাশাপাশি এই অভাবনীয় অর্থনৈতিক ধস দেশটির অভ্যন্তরীণ বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।


















