মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে লাইসেন্স নবায়নের জন্য বছরে ১০ হাজার টাকা ফি দিতে হবে। আগে এই নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই ফি আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ বিষয়ে সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে লাইসেন্স নবায়ন ফি বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০০২ সালে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে মানি চেঞ্জারদের জন্য বছরে ৫ হাজার টাকা লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় ব্যাংক এবার এই ফি বাড়ানোর সিদ্ধান্ত নিল। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য সব শর্ত ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

















