মাঝ আকাশে তেল ফুরিয়ে আবুধাবিগামী এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি অবতরণ
ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি আবুধাবিগামী উড়োজাহাজ মাঝ আকাশে তেল ফুরিয়ে যাওয়ার পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। সোমবার সকালে ভারতের কেরালা রাজ্যের কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘নাইন-৪১৫’ নম্বরের বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজটি আবুধাবির উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের মাত্র ৫০ মিনিট পরই এই বিপত্তি ঘটে।
উড্ডয়নকালে প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে নিচে নেমে গেছে দেখে পাইলটরা দ্রুত কোচি বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, বিমানটি ফিরিয়ে আনার সময় দুর্ঘটনা এড়াতে প্রথম ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছিল। কারণ, যে পরিমাণ তেল অবশিষ্ট ছিল তা দিয়ে কোনোভাবেই গন্তব্যে পৌঁছানো সম্ভব ছিল না।
মাঝ আকাশে এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে উড়োজাহাজে থাকা সব যাত্রী অক্ষত ও নিরাপদ রয়েছেন।
তবে ঠিক কী কারণে তেলের এই শূন্যতা বা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি সংস্থাটি। একই সাথে বিমানটিতে কতজন যাত্রী ও ক্রু অবস্থান করছিলেন, সেই নির্দিষ্ট তথ্যও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।


















