আফগানিস্তানের মাজার-ই-শরীফে সোমবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে এবং তিনশরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শহরটিতে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বসবাস করেন।
ভূমিকম্পে মাজার-ই-শরীফের ঐতিহ্যবাহী নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড কম্পনের কারণে মসজিদের বিভিন্ন স্থানে পলেস্তার খুলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি মাটির মাত্র ২৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ভিডিওতে কিছু মরদেহ টেনে বের করার দৃশ্যও ধরা পড়েছে। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত নীল মসজিদটি দেশটির অন্যতম সুন্দর মসজিদের মধ্যে একটি।
নীল মসজিদকে ‘হযরত আলীর মাজার’ বলে দাবি করা হয়। যদিও ঐতিহাসিক দলিল অনুসারে হযরত আলী (রাঃ)-কে ইরাকের নাজাফে সমাহিত করা হয়েছে, স্থানীয়রা বিশ্বাস করেন, শত্রুর হাত থেকে তাঁর মরদেহ রক্ষায় গোপনে সেটি আফগানিস্তানে আনা হয়েছে এবং বর্তমান মাজার-ই-শরীফে সমাহিত করা হয়েছে। তবে এই দাবির পক্ষে শক্তিশালী প্রমাণ নেই।
সূত্র: রয়টার্স।



















