মহানায়ক উত্তম কুমারের শততম জন্মদিনে দুই বাংলায় শ্রদ্ধার্ঘ্য
বাংলা চলচ্চিত্রের কালজয়ী ‘মহানায়ক’ উত্তম কুমারের আজ ১০০তম জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি শতবর্ষে পা রাখতেন। যুগ যুগ ধরে তিনি যে অতুলনীয় অভিনয়শৈলী ও মোহনীয় ব্যক্তিত্ব রেখে গেছেন, তা এখনও দর্শককে একইভাবে মুগ্ধ করে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আজ তাঁর এই বিশেষ জন্মদিনে দুই বাংলার অভিনয় অঙ্গনেই নেমে এসেছে উৎসবের আবহ।
বাংলাদেশের অগণিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীর পাশাপাশি তারকারাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মহানায়ককে। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানায়কের একটি ছবি শেয়ার করে গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, অতুলনীয় আকর্ষণ, আভিজাত্য আর জাদুর ১০০ বছর পার হলেও উত্তম কুমার আজীবন বাংলা সিনেমার চিরন্তন মহানায়ক হয়েই থাকবেন।
অপূর্ব আরও উল্লেখ করেন, পর্দায় উত্তম কুমারের সাবলীল উপস্থিতি এবং চোখের গভীরে লুকিয়ে থাকা নীরব তীব্রতা বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগকে এক অনন্য পূর্ণতা দিয়েছে। তিনি এমন এক কিংবদন্তি, যাঁর রেখে যাওয়া অমর উত্তরাধিকার সময়কে অতিক্রম করে গেছে।
শততম জন্মবার্ষিকীতে মহানায়কের স্মৃতি ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুই বাংলার ভক্ত ও শিল্পীরা তাঁকে স্মরণ করছেন। শারীরিক উপস্থিতি না থাকলেও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ও কোটি দর্শকের হৃদয়ে তিনি চিরকাল অমলিন ও অমর হয়ে থাকবেন।



















