ময়মনসিংহে বাসের চাপায় ৭ জন নিহতের ঘটনায় জামায়াত সেক্রেটারির গভীর শোক
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাতজন আরোহী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক শোক বিবৃতিতে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে জানিয়ে তিনি বলেন, এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন।
একই সাথে তিনি সড়ক দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। সেই সাথে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।



















