মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র সমালোচনা করেছেন
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন। রাজ্যের কৃষ্ণনগরে এক সমাবেশে তিনি বলেন, ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় কারও নাম বাদ দিলে রাজ্যের নারীরা যেন রান্নাঘরের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশে বলেন, ‘‘মা-বোনদের অধিকার তোমরা এসআইআরের নামে ছিনিয়ে নেবে? ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা-বোনদের ভয় দেখাবে? মা-বোনরা, যদি তোমাদের নাম কেটে দেয়, তোমাদের তো সরঞ্জাম আছে, তাই না? শক্তি তো আছে, তাই না? নাম কেটে দিলে কি তোমরা ছাড়বে? নারীরাই সামনে থেকে লড়বে, আর পুরুষরা থাকবে পেছনে।’’
তিনি আরও বলেন, নারীরা বিজেপি শক্তিশালী হচ্ছে কি না তা দেখতে চান? তিনি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন না, বরং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন আসলেই বিজেপি অর্থ খরচ করে, বাইরে থেকে মানুষ এনে বিভাজন ছড়ানোর চেষ্টা করে।
মুখ্যমন্ত্রী কলকাতায় আয়োজিত গণ ভগবত গীতা পাঠ কর্মসূচির প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘আমরা বাড়িতে প্রয়োজন হলে গীতা পাঠ করি, তবে সভা করার কী প্রয়োজন? ঈশ্বর থাকেন অন্তরে। যারা আল্লাহকে ডাকেন, তারাও হৃদয় থেকে ডাকেন।’’ তিনি ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে বলেন, ‘‘ধর্ম মানে পবিত্রতা, মানবতা, শান্তি—সহিংসতা, বৈষম্য বা বিভাজন নয়।’’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহাপুরুষেরা কখনো মানুষকে বিভক্ত করেননি। তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘‘তাহলে তোমরা কে?’’



















