মধ্যপ্রাচ্যে জর্ডান বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
মধ্যপ্রাচ্যে একযোগে জর্ডান, বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মার্কিন ঘাঁটিগুলোর একাধিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।
ইরানের এক সামরিক কর্মকর্তা জানান, দেশের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আইআরজিসি-এর তথ্যমতে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে চালানো হামলায় বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালিতে দুটি অবৈধ জাহাজ আটক করাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার অংশ হিসেবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি-৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং মার্কিন সামরিক ড্রোনের কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে। এ ছাড়া কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে তারা।
এই হামলার পর বাহরাইন ও কুয়েতজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমায় প্রবেশ করা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুগুলো মোকাবিলা করছে এবং তারা জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।


















