মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জনে দু’টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দেওয়ার সময় দুটি ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১০ জনই শিশু।
প্রথম দুর্ঘটনাটি ঘটেছে উজ্জানের ইঙ্গোরিয়াতে, যেখানে ভক্তরা একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জনের জন্য যাচ্ছিলেন। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, ১২ বছর বয়সী এক শিশু ভুলক্রমে ট্রাক্টরটি চালু করার কারণে এই দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে ১২ শিশু, এর মধ্যে দুজন মারা যান এবং একজন এখনও নিখোঁজ। পুলিশ নিখোঁজ শিশুর খোঁজে আশপাশে অভিযান চালাচ্ছে।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে খানদাওয়া বিভাগের পান্দানা তেহসিলের কাছে। সেখানে আর্দলা ও জামিলের মোট ২০–২৫ জন গ্রামবাসী ট্রাক্টর-ট্রলিতে করে বিসর্জন দিতে যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ায় ট্রাক্টরটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় ১১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮ জন মেয়ে শিশু। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ডুবুরিরা মরদেহ খোঁজার জন্য পুকুরে নেমেছেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এছাড়া আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে।


















