মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা রুখে দেওয়ার দাবি সৌদির নিন্দা জানিয়েছেন শেহবাজ শরিফ
পবিত্র মক্কা নগরীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, মঙ্গলবার রাতে মক্কার আকাশসীমার অভিমুখে ছোড়া ড্রোনটি আঘাত হানার আগেই সফলভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি এক বিবৃতিতে এই ঘটনাকে কাপুরুষোচিত ও জঘন্য উল্লেখ করে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুরক্ষায় পাকিস্তান পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে মক্কা নগরীতে ড্রোন হামলার সমস্ত অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সশস্ত্র গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ দাবি করেন যে সৌদি জোটের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবের সাথে ইরানের মদতপুষ্ট হুথিদের দ্বন্দ্ব চলে আসছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।



















