ভোট দিয়ে তরুণদের বার্তা দিলেন নির্মাতা আশফাক নিপুন
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সাধারণ ভোটারদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকারাও এতে অংশ নিচ্ছেন। অভিনয়শিল্পী ও নির্মাতাদের উপস্থিতির মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করে বার্তা দিয়েছেন নির্মাতা আশফাক নিপুন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন ‘মহানগর’ খ্যাত এই নির্মাতা। তিনি জানান, সকাল ৭টা ৩০ মিনিটে কেন্দ্রে পৌঁছালেও দীর্ঘ লাইনের কারণে ৮টা ১০ মিনিটে ভোট দিতে সক্ষম হন। মনোরম আবহাওয়া, উৎসাহী ভোটার এবং দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি ইতিবাচক লেগেছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই প্রক্রিয়ার অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
ভিডিও বার্তায় তরুণ ভোটারদের উদ্দেশে নিপুন বলেন, তারুণ্যের প্রথম ভোট যেন নতুন বাংলাদেশের পক্ষে হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।


















