বুধবার, ১২ই আগস্ট, ২০২৬| দুপুর ২:৫৭

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের

প্রতিবেদক
staffreporter
জুন ২৫, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় জরুরি ভিত্তিতে সমস্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এই জরুরি নির্দেশনা দেন। ভূমিকম্পের পর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে আসা চিকিৎসাপ্রার্থী মানুষদের দ্রুত সেবা নিশ্চিত করতেই তাঁর এই অনুরোধ বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’। আল জাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাঁর ভাষণে উল্লেখ করেন, জাতীয়, রাজ্য এবং পৌর প্রশাসন সমন্বিতভাবে এই নজিরবিহীন সংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে। দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো শুরু হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মেট্রো ও রেল পরিষেবাসহ সব ধরনের অপ্রয়োজনীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে গতি আনতে দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, যার সার্বিক নেতৃত্বে থাকবেন বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল। একই সাথে প্রেসিডেন্ট জানান, রাজধানী কারাকাসে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামোর গুরুতর ক্ষতি হওয়ার কারণে বিমানবন্দরটির সমস্ত কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের এই কঠিন সময়ে সবাইকে ধৈর্য ও ঐক্যের সাথে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানান তিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলার সান ফেলিপে ও ইউমারের কাছে যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটির দুর্বল অবকাঠামো ও জনঘনত্বের কারণে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি