ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, ৬০ যাত্রীর মধ্যে ৫০ জনই নিখোঁজ
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ডুবে গেছে। এতে নৌকাটিতে থাকা মোট ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জনই নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার রাতে পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির কোস্ট গার্ড কর্মকর্তারা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, নৌকাটি তোব্রুক শহর থেকে ৬০ জন যাত্রী নিয়ে ইতালির উপকূলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পরই সেটি সাগরে ডুবে যায় এবং যাত্রীদের বেশিরভাগই স্রোতে ভেসে যান। ভয়াবহ এই পরিস্থিতি থেকে মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে আসতে সক্ষম হন, যাদের পরবর্তীতে জীবিত উদ্ধার করা হয়।
গত প্রায় এক দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাত্রার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় লিবিয়ার উপকূল মানবপাচারকারীদের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর তথ্য অনুসারে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নাগরিক।



















