ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যু
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভাষা সৈনিক আহমদ রফিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আহমদ রফিক ১৯২৯ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি লেখালেখি, গবেষণা ও সংস্কৃতিচর্চায় দীর্ঘ সময় কাটিয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলায় রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি প্রদান করে।
২০০৬ সালে স্ত্রীর মৃত্যুর পর নিঃসন্তান অবস্থায় নিউ ইস্কাটনের একটি ভাড়া বাসায় একাই জীবনযাপন করতেন। সম্প্রতি তিনি কিডনির সমস্যাসহ একাধিকবার মাইল্ড স্ট্রোকে আক্রান্ত ছিলেন। গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন এবং রোববার তাকে বারডেমে স্থানান্তর করা হয়।

















