ভারত সরকার স্মার্টফোনে সাইবার নিরাপত্তা অ্যাপ প্রিলোডের নির্দেশ প্রত্যাহার
নজরদারি ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে আশঙ্কার কারণে ভারত সরকার স্মার্টফোনের নতুন ডিভাইসে রাষ্ট্র পরিচালিত সাইবার নিরাপত্তা অ্যাপ প্রিলোড করার নির্দেশ প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্তের আগে রাজনীতিবিদ, নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের তীব্র প্রতিবাদ দেখা দিয়েছিল।
গত ২৮ নভেম্বর মোদি সরকারের পক্ষ থেকে অ্যাপল, স্যামসাং, শাওমিসহ বেশ কয়েকটি মোবাইল কোম্পানিকে তাদের নতুন ফোনে ‘সঞ্চার সাথী’ নামের অ্যাপটি প্রিলোড করতে বলা হয়েছিল। বিশেষ নির্দেশে বলা হয়েছিল, অ্যাপটি ৯০ দিনের আগে ডিলিট করা যাবে না।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিবাদের মুখে মোদি সরকার এই নির্দেশ প্রত্যাহার করে। ভারতের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “সরকার মোবাইল নির্মাতাদের জন্য প্রি-ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে।”
উল্লেখ্য, এই অ্যাপটি চুরি যাওয়া ফোন ট্র্যাক এবং ব্লক করতে সহায়তা করবে এবং অপব্যবহার রোধে কাজে লাগবে—এমন মন্তব্য তার আগে ভারতের একাধিক মন্ত্রীর পক্ষ থেকে করা হয়েছিল।



















