শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:৩৯

ভারতে হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনাধীন: লোকসভার কমিটি

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩১, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
ভারতে হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনাধীন: লোকসভার কমিটি

ভারতে হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনাধীন: লোকসভার কমিটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকা থেকে প্রাপ্ত আবেদনটি প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত এই কমিটির সুপারিশ ও সরকারের প্রতিক্রিয়া সংক্রান্ত প্রতিবেদনটি বৃহস্পতিবার লোকসভায় উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর প্রত্যর্পণের যে আনুষ্ঠানিক অনুরোধ এসেছে, তা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে। ভারতে তার অবস্থানকে দেশটির মানবিক ঐতিহ্য ও আশ্রয়ের নীতির আলোকে দেখা হলেও নয়াদিল্লি স্পষ্ট করেছে—ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ বিষয়ে আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবেদনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার সুপারিশ করেছে কমিটি।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আমলেও দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক পর্যালোচনার অধীনে রয়েছে। সার্বিক অগ্রগতি সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটিকে হালনাগাদ রাখতে কেন্দ্র সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি