ভারতের তেলঙ্গানার মন্ত্রিসভায় যোগ দিলেন ক্রিকেটার-রাজনীতিক মোহাম্মদ আজহারউদ্দিন
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন দেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার তেলেঙ্গানার গভর্নর জিষ্ণুদেব ভার্মার কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুমালা রেভান্থ রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাত্তি বিক্রমার্ক এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।
যদিও মন্ত্রী হিসেবে শপথ নিলেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্ত্রনালয় পাননি আজহারউদ্দিন; তবে সূত্রের বরাতে জানা গেছে, তিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পাবেন। ২০২৩ সালের নির্বাচনে আজহারউদ্দিন নির্বাচনে জয়ী না হলেও, গত আগস্টে তেলেঙ্গানা সরকারের কোটায় এমপি হন তিনি। আজ তার মন্ত্রিসভায় যোগদান রাজ্যের মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, কারণ এ পর্যন্ত মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য ছিলেন না।
তেলঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের সংলগ্ন জুবিলি হিলস আসনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেখানে আগামী ১১ নভেম্বর উপ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কংগ্রেস দল সেখানে জয় নিশ্চিত করতে আজহারউদ্দিনকে প্রচারণার কাজে নিয়োজিত করবে।
৬২ বছর বয়সী আজহারউদ্দিন হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০-এর দশকে ভারতের জাতীয় ক্রিকেট দলে খেলে, নব্বইয়ের দশকে অধিনায়ক ছিলেন। ভারতের ইতিহাসের সেরা ব্যাটারদের মধ্যে তার নাম উল্লেখযোগ্য। তিনিই প্রথম ক্রিকেটার যিনি ৩ শতাধিক ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি জীবনের প্রথম তিনটি টেস্টে সেঞ্চুরি করেছেন।
তবে তার ক্রিকেট জীবন সম্পূর্ণ ঝামেলামুক্ত ছিল না; ম্যাচ ফিক্সিং অভিযোগে ২০০০ সালে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। দীর্ঘ শুনানি ও আপিলের পর ১১ বছর পরে উচ্চ আদালত এই নিষেধাজ্ঞা তুলে নেয়।
আজহারউদ্দিনের জীবনের ওপর ভিত্তি করে ২০১৬ সালে বলিউডে ‘আজহার’ নামের একটি বায়োপিকও নির্মিত হয়।
তেলেঙ্গানার মন্ত্রিসভায় আজহারউদ্দিনের অন্তর্ভুক্তিকে কংগ্রেসের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিত করার পাশাপাশি জুবিলি হিলসের উপ নির্বাচনে দলকে শক্তিশালী অবস্থান দিতে সহায়তা করবে।



















