ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের শর্ত নিয়ে প্রশ্ন
বাংলাদেশ সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর কেন্দ্র করে বেশ কিছু শর্তের কথা জানানো হয়েছে, যার মধ্যে অন্যতম হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের কাছে হস্তান্তর করা। গতকাল শনিবার এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে পারস্পরিক স্বার্থ রক্ষার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে যেকোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্ক টিকে থাকার মূল ভিত্তি হলো উভয় দেশেরই লাভজনক বা পারস্পরিক স্বার্থের মিল থাকা। তিনি আরও বলেন, একপাক্ষিক সুবিধার কথা চিন্তা করে প্রতিবেশী সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। ভারত যেমন নিজেদের স্বার্থের মূল্যায়ন আশা করে, ঠিক তেমনই প্রতিবেশীদের স্বার্থ ও চাওয়াকেও সম্মান জানানো তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
এই পারস্পরিক বোঝাপড়া ও ঐকমত্যের ওপর ভিত্তি করেই দুদেশের সম্পর্ক সুন্দর ও কার্যকরভাবে সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জয়শঙ্কর। উল্লেখ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের আগামী দিনগুলো কেমন হবে এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি কীভাবে দেখা হবে, তা নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।



















