ব্রাজিলের দাপুটে জয়, চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল আনচেলত্তির শিষ্যরা
ঐতিহাসিক মারাকানায় বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে দাপট দেখালো ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ইচ্ছায় চিলির বিপক্ষে ম্যাচটি রাখা হয় এই ভেন্যুতে। যেখানে এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেসের গোলের দৌলতে চিলিকে ৩-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চিলির বিপক্ষে সর্বাধিক জয়ের বিশ্বরেকর্ড আগেই ছিল ব্রাজিলের দখলে। এবার সেই রেকর্ড আরও সমৃদ্ধ হলো। সবমিলিয়ে ৭৫তম ম্যাচে এটি ছিল ব্রাজিলের ৫৩তম জয়। ম্যাচজুড়ে পজেশন, আক্রমণ ও শটে স্বাগতিকদের আধিপত্য ছিল স্পষ্ট। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় আনচেলত্তির দল, এর মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। অন্যদিকে চিলি মাত্র ৩টি শট নিলেও একটিও টার্গেটে রাখতে পারেনি।
প্রথম গোল আসে ৩৭ মিনিটে। রাফিনিয়ার শট ফিরলে সেটিকে দারুণ দক্ষতায় জালে জড়ান তরুণ এস্তেভাও উইলিয়ান। মাত্র ১৭ বছর ৪ মাস বয়সে কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে গোল করলেন তিনি। বিরতির ঠিক আগে মারিপানকে লাল কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে সেটি হলুদে রূপান্তরিত হয়।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে ঝলক দেখান লুইস হেনরিক ও কাইও জর্জ। তার মধ্যে হেনরিকের নিখুঁত জোগান থেকেই গোল পান লুকাস পাকেতা। ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডারের জাতীয় দলে প্রত্যাবর্তনের মুহূর্ত ছিল স্মরণীয়। চার মিনিট পর আবারও হেনরিকের প্রচেষ্টা থেকে গোল হয়, এবার রিবাউন্ডে পা লাগিয়ে জাল খুঁজে পান ব্রুনো গুইমারেস।
শেষ পর্যন্ত আর কোনো গোল না এলেও ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ব্রাজিল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এই ম্যাচে এমন দাপুটে পারফরম্যান্সে আত্মবিশ্বাসীভাবেই মাঠ ছাড়ল আনচেলত্তির শিষ্যরা।


















