বেলজিয়ামে নালার মাটি খুঁড়তেই বের হলো ১২৭ কোটি টাকার গুপ্তধন
বেলজিয়ামে পয়ঃনিষ্কাশন নালার পুরোনো পাইপ বদলের সময় মাটির নিচ থেকে সন্ধান মিলেছে প্রায় ৯ মিলিয়ন ইউরো বা ১২৭ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও মূল্যবান প্রাচীন মুদ্রার। রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট-গিলিস-ডেন্ডারমন্ডে এলাকায় কাজের সময় ১৮ বছর বয়সী এক তরুণ শ্রমিক প্রথম এই বিপুল সম্পদের সন্ধান পান।
উদ্ধার করা স্বর্ণের বার ও মুদ্রাগুলো একটি ব্যাগের ভেতর ছিল, যা ১৯ শতকের একটি পুরোনো ভবন সংলগ্ন ভূগর্ভস্থ কক্ষের দেয়ালের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায়। ভবনটি মূলত ১৮৯৯ সালে মদ ব্যবসায়ী থিওফিলাস ভ্যান অ্যাশের জন্য নির্মিত হয়েছিল। বর্তমানে পুরোনো সেই ভবনটি সংস্কারের কাজ চলার সময়ই আচমকা অলৌকিক এই ঘটনাটি ঘটে।
বিপুল এই স্বর্ণ উদ্ধারের পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা জোরদার করেছে এবং সংগৃহীত সম্পদগুলো ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। স্বর্ণগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা চুরির ঘটনা থেকে এসেছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ব ফ্লান্ডারসের প্রসিকিউটর কার্যালয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বেলজিয়ামের প্রচলিত আইন অনুযায়ী, সম্পদের বৈধ মালিকানার দাবির জন্য অন্তত পাঁচ বছর অপেক্ষা করা হবে। এই সময়ের মধ্যে ভবনের মালিকপক্ষ, নির্মাণকারী প্রতিষ্ঠান কিংবা ভ্যান অ্যাশে পরিবারের কোনো দাবিদার না মিললে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এতো বড় গুপ্তধনের সন্ধান দেওয়ায় তরুণ শ্রমিক ও তাঁর দল সরকারি পুরস্কার বা বিশেষ সম্মানী পাওয়ার প্রহর গুনছেন।



















