বেবিচক সদরদপ্তর ও শাহজালাল বিমানবন্দরে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত
অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাইয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তর এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় একটি অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এই মহড়ায় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি করে দ্রুত উদ্ধার কাজ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং বিভিন্ন ইউনিটের মধ্যকার পারস্পরিক সমন্বয় অনুশীলন করা হয়। বেবিচক সদরদপ্তরের মহড়ায় এয়ার কমডোর মো. আসিফ ইকবাল এবং কার্গো এলাকার মহড়ায় এয়ার কমডোর মো. নূর-ই-আলম চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। জরুরি মুহূর্তে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে স্থান ত্যাগ ও প্রাথমিক আগুন নিয়ন্ত্রণের কৌশল বাস্তবভিত্তিকভাবে শেখানো হয়।
মহড়া শেষে বেবিচক চেয়ারম্যান বলেন, এভিয়েশন খাতের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার জন্য নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এ ধরনের বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিগুলো সহজে চিহ্নিত করে তা দূর করা সম্ভব হবে। সার্বিক অগ্নিনিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের পরিকল্পিত মহড়া অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।



















