বিশ্বমঞ্চে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান সুদৃঢ় করতে বিজিএমইএ ও এইচএসবিসি-এর সমঝোতা স্মারক স্বাক্ষর
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জকে সামনে রেখে বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি এবং নতুন ও সম্ভাবনাময় বাজার সম্প্রসারণে একটি দূরদর্শী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং শীর্ষ আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান আরও সুদৃঢ় করতে যাচ্ছে। এই লক্ষ্য নিয়ে রোববার উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই কৌশলগত সমন্বয়ের আওতায় এশিয়ার অন্যতম প্রধান ব্যবসায়িক হাব হংকংয়ে একটি বৃহৎ পরিসরে অ্যাপারেল রোডশো আয়োজন করা হবে। এই রোডশো আন্তর্জাতিক ক্রেতা, ব্র্যান্ড এবং বিশ্বমানের অংশীদারদের সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের সরাসরি সংযোগ স্থাপন করবে। এর মাধ্যমে প্রথাগত বাজারের বাইরে এশিয়া অঞ্চলে নতুন বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশের পোশাকের বৈচিত্র্য ও সক্ষমতা তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে, দেশের অভ্যন্তরে আয়োজিত হতে যাওয়া বৃহৎ বস্ত্র প্রদর্শনী ‘বাটেক্সপো’-এর মাধ্যমে বাজার সম্প্রসারণের ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ-এর পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান এবং এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক থাকার কারণে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে এইচএসবিসি-এর একটি সুদৃঢ় ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। এই অনন্য কানেকশনকে কাজে লাগিয়ে হংকংয়ের অ্যাপারেল রোডশো’তে আন্তর্জাতিক ক্রেতাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হবে, যা নতুন বাজার অনুসন্ধান ও বাংলাদেশের পোশাকের বৈচিত্র্য তুলে ধরতে ভূমিকা রাখবে।


















