বিশ্ববাজারে সোনার দাম আবারও কমেছে
টানা কয়েকদিনের অস্বাভাবিক বৃদ্ধির পর বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করেছে। সোমবার স্পট গোল্ডের দাম ৩ শতাংশ কমার পর মঙ্গলবার আরও ১ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৩,৯৬৩.৫৩ ডলার।
এ মাসের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ৪,৩৮১ ডলার ছিল, যা মাত্র কয়েকদিনে ১০ শতাংশ হ্রাস পেয়েছে। দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্ভাব্য বাণিজ্যিক চুক্তি। এই চুক্তির সম্ভাবনার কারণে চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঝুঁকি কমেছে এবং ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস পেয়ে সোনার দামও নিম্নমুখী হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হ্রাসের ধারা আগামী কয়েকদিন ধরে চলতে পারে এবং প্রতি আউন্স সোনার দাম ৩,২৭০ থেকে ৩,৪৪০ ডলারে নামতে পারে, যা বর্তমান অবস্থার থেকে প্রায় ১৭ শতাংশ কম।
অপরদিকে, দীর্ঘমেয়াদি দিক থেকে সোনার দাম আবারও বৃদ্ধি পেতে পারে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে প্রতি আউন্স সোনার দাম ৫,০৫৫ ডলারে পৌঁছাতে পারে এবং ২০২৮ সালে এটি ৮,০০০ ডলার স্পর্শ করতে পারে। গোল্ডম্যান সাচও বলেছে, ২০২৬ সালের শেষ পর্যন্ত সোনার দাম প্রতি আউন্স ৪,৯০০ ডলারে পৌঁছতে পারে।
বিশ্লেষকরা আরও জানিয়েছেন, অ-ব্যাংক বিনিয়োগকারীদের বৈশ্বিক সম্পদের ২.৬ শতাংশ বর্তমানে সোনায় রয়েছে, যা ২০২৮ সালে ৪.৬ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে কয়েক বছরের মধ্যে সোনার দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনাও বাড়ছে।

















