বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ভিসা সাক্ষাৎকার স্থগিত
বিশ্বব্যাপী নিজেদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে সব ধরনের ভিসার আবেদন অ্যাপয়েন্টমেন্ট ও সাক্ষাৎকার স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কূটনীতিক এবং ভিসা প্রদানকারী কর্মকর্তাদের বিশেষ বিশ্বব্যাপী প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।তবে এ প্রশিক্ষণ কবে নাগাদ শেষ হবে বা কবে পুনরায় সাক্ষাৎকার শুরু হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমনভাবে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে যেন তারা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন এমন কোনো আবেদনকারীকে ভিসা না দেন।মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই কঠোর অভিবাসনবিরোধী নীতি অনুসরণ করছেন, যার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে প্রথম বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ইতোমধ্যেই আবেদনকারীদের কাছে ইমেইল পাঠানো হয়েছে এবং জানানো হয়েছে যে তাদের সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তীতে পুনরায় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে বৈধ ও অবৈধ অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে আনা।নতুন নীতির আওতায় কাগজপত্রহীন অভিবাসীদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে, এমনকি ফিলিস্তিনপন্থী অবস্থান বা সরকারের বিরুদ্ধে মত প্রকাশের কারণে অনেকের ভিসা প্রত্যাখ্যান ও স্থায়ী গ্রিনকার্ড বাতিল করা হচ্ছে।ফলে দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে বসবাস করা বৈধ অভিবাসীদের মধ্যেও এখন তীব্র উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে।


















