বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড
বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। ফ্লোরিডার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল চাইবে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে যেতে, আর স্কটল্যান্ডের লক্ষ্য থাকবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পার হওয়া।
দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের পরিস্থিতি বেশ জমে উঠেছে। মরক্কো ও ব্রাজিলের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে সেলেসাওরা। স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট, অন্যদিকে গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ৮ ম্যাচেই জয় পেয়ে অনেক এগিয়ে আছে ব্রাজিল, বাকি দুটি ড্র হওয়ায় স্কটল্যান্ডের জয়ের খাতা এখনো শূন্য।
পরিসংখ্যানে স্বস্তি থাকলেও অন্য এক রেকর্ডে কিছুটা অস্বস্তি আছে ব্রাজিলের। স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়া আগের চার বিশ্বকাপের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। সবশেষ ২০১১ সালের প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে স্কটিশদের হারিয়েছিল সেলেসাওরা। এবার নকআউটের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে।


















