বিবিএলের নতুন চুক্তি কাঠামোয় অসন্তোষ প্রকাশ অ্যাডাম জাম্পার
বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন চুক্তি কাঠামো চালুর পর স্থানীয়দের বদলে বিদেশি ক্রিকেটাররাই বেশি সুবিধা পাচ্ছেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার তারকা লেগস্পিনার অ্যাডাম জাম্পা। গত মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া বিদেশি খেলোয়াড়দের ড্রাফট ব্যবস্থা তুলে দেওয়ার পাশাপাশি বেতনসীমার অর্থ খরচে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও বেশি স্বাধীনতা প্রদান করেছে।
আগামী মৌসুমের জন্য মেলবোর্ন রেনেগেডস ছেড়ে হোবার্ট হারিকেনসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই স্পিনার। জাম্পার মতে, ড্রাফট উঠে যাওয়ায় নির্দিষ্ট কয়েকজন বিদেশি ক্রিকেটারের পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলোর আরও বেশি অর্থ খরচের সুযোগ তৈরি হয়েছে, যা দেশীয় খেলোয়াড়দের প্রত্যাশার সাথে মেলেনি।
এদিকে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিবিএলের নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে বড় অঙ্কের চুক্তিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এ ছাড়া গত মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে দারুণ পারফর্ম করা ফিন অ্যালেনও বড় কোনো চুক্তি পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে সম্প্রতি বিবিএলকে বেসরকারি মালিকানায় দেওয়ার অনুমোদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিক্রি হতে যাচ্ছে জাম্পার সাবেক দল মেলবোর্ন রেনেগেডস। জাম্পা আশা প্রকাশ করেছেন যে নতুন এই মালিকানা ও বিদেশি বিনিয়োগের ফলে ভবিষ্যতে স্থানীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্যও আরও সমান সুযোগ ও ন্যায্য মূল্যায়ন তৈরি হবে।



















