বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাংক হিসাব খোলার নিয়ম আরও সহজ হলো
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাংকে হিসাব খোলার প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনাবাসী টাকা হিসাব (এনআরটিএ) ও অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসাব (এফসি হিসাব) খোলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে না। ব্যাংকগুলোকে এ সংক্রান্ত তথ্য ১৪ দিনের মধ্যে পাঠালেই যথেষ্ট হবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এতে উল্লেখ করা হয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই নিয়ম শিথিল করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি বিনিয়োগের অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা যাবে অথবা চাইলে সর্বোচ্চ এক বছরের জন্য বৈদেশিক মুদ্রায় রাখা যাবে। যদি অর্থ স্থানীয় মুদ্রায় রূপান্তর করা হয়, বিনিয়োগকারীরা অনলাইনে ‘ফরম-সি’ জমা দিতে পারবেন এবং কোম্পানি গঠনের ১৪ দিনের মধ্যে নির্ধারিত কাগজে স্বাক্ষর সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ সিদ্ধান্ত ব্যাংকগুলোকে বিদেশি বিনিয়োগের হিসাব খোলায় আরও উৎসাহিত করবে। একইসঙ্গে বিদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের পথ আরও সহজ হবে। সরকারের বিনিয়োগবান্ধব নীতির ধারাবাহিকতায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



















