বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজ শেষে নবীন সদস্যরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করেন।
এবারের ব্যাচে বিজিবির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ২৩ জন নবীন সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে পুরুষ সদস্য রয়েছেন ২ হাজার ৯৫০ জন এবং নারী সদস্য ৭৩ জন। এই বিপুলসংখ্যক রিক্রুট একসঙ্গে প্রশিক্ষণ গ্রহণ ও শপথ নেওয়াকে বিজিবির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বিজিবি জানায়, ১০৪তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন আল ইমরান (বক্ষ নম্বর ১৫৫)। শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অর্জন করেন শপিকুল ইসলাম (পুরুষ) ও লুবনা খাতুন (মহিলা)। শ্রেষ্ঠ ফায়ারার হিসেবে নির্বাচিত হন শফিকুর রহমান তামিম (পুরুষ) এবং নাহিদা আক্তার (মহিলা)।
বিজিবির তথ্যমতে, বিজিটিসিএন্ডসি গত ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে আসছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে প্রতিষ্ঠানটি। যদিও এই প্রশিক্ষণ কেন্দ্রের স্বাভাবিক সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার জন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা ও বিজিবি সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা জোরদার করে ১০৪তম ব্যাচে একসঙ্গে ৩ হাজার ২৩ জন রিক্রুটকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। এটি স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিজিবির প্রশিক্ষণ ব্যবস্থাপনায় একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


















