বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর প্রতিনিধি দল। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে।
আইআরআই বিশ্বজুড়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থনে কাজ করে। বৈঠকে আইআরআইয়ের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং মার্কিন প্রেসিডেন্টের উপ-সহকারী ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডাইরেক্টর লিসা কার্টিস। প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র উপদেষ্টা জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর জেমি এস স্পাইকারম্যান, জনবিষয়ক বিশেষজ্ঞ জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর ডারিন এনথোনি বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।



















