বিএনপির জয়ে পর্তুগালে উচ্ছ্বাস, লিসবনে গভীর রাত পর্যন্ত বিজয় মিছিল
বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ব্যবধানে বিজয় অর্জন করায় সুদূর পর্তুগালেও আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। এই জয়কে ঘিরে দেশটির রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি ও দলটির নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বৃষ্টি উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চলে বিজয় উদযাপন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নেতাকর্মীদের উৎসাহে কোনো ভাটা পড়েনি।
বিজয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় পতাকা ও দলীয় ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা আনন্দ মিছিল বের করেন। বিজয়ের স্লোগানে এ সময় রাজপথ মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, এম এ হাকিম মিনহাজ, শাহ জামাল মিজান ও এম কে নাসির। এছাড়া সিনিয়র সদস্য আবদুল হাসিব, সাইদুল ইসলাম, আব্দুল লতিফ কয়েছ, সুহেল আহমদ, শামিম আহমদ, লিটন মিয়া, এম এ দেলোয়ার, বদরুল ইসলাম, আব্দুল গাফফার, রুবেল চৌধুরী, শাহান ওমর, আবদুল মতিন, কাজী জুয়েল, মাজেদ আহমদ, নোমান আহমেদ, মর্তুজ আলী, আব্দুল্লাহ, জুয়েল, রুবেল ও রাবেল আহমদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল টিপু, জাসাসের সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য আলিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন। বিজয় মিছিল, ভোজ ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদযাপনের সমাপ্তি ঘটে।


















