বার্সেলোনার মায়ামি ম্যাচ বাতিল
চলতি মৌসুমে বার্সেলোনার একটি লা লিগা ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। স্পেনের বাইরে ম্যাচ আয়োজনের বিষয়টি শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ও স্পেনের বিভিন্ন ক্লাব ও সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিল। উয়েফার অনুমোদন থাকলেও স্থানীয় সমর্থকদের প্রতিক্রিয়া এবং নীতিগত জটিলতার কারণে লা লিগা এ সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
আগামী ২০ ডিসেম্বরের বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচটি মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) দীর্ঘদিন অনুমোদনের জন্য উয়েফার সঙ্গে যোগাযোগ করেছিল। অক্টোবরের শুরুতে বিশেষ অনুমোদন দিলেও স্পেনে বিভিন্ন ক্লাব ও সমর্থক দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছিল।
ফলে লা লিগা ও সহযোগী প্রতিষ্ঠান রেলেভেন্ট যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করেছে। এই বাতিলের ফলে বার্সেলোনা তার আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি এবং আর্থিক সুযোগ থেকে বঞ্চিত হলো। তবে লা লিগা জানিয়েছে, দেশের বাইরে আনুষ্ঠানিক ম্যাচ আয়োজন স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের একটি বড় সুযোগ হতে পারত, যা এখন আর সম্ভব হচ্ছে না।



















