বামার লাইসেন্স বাতিল ও একীভূতকরণের সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট
বালাইনাশক উৎপাদকদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ (বামা)-এর ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স বাতিল এবং আমদানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন’ (বিসিপিএ)-এর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন। হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে বামা আগের মতোই বৈধ ট্রেড অর্গানাইজেশন হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বামার লাইসেন্স বাতিল করে তাদের বিসিপিএর সঙ্গে একীভূত করার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের যুক্তি ছিল—আমদানিকারক ও দেশীয় উৎপাদকদের স্বার্থ অভিন্ন এবং এই খাতে একাধিক সংগঠন থাকার কারণে বাজারজাতকরণ ও নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হচ্ছিল। তবে এই সিদ্ধান্তকে একপেশে ও বেআইনি দাবি করে বামার পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত সিদ্ধান্তটি স্থগিত করার পাশাপাশি সরকারের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
বামার নেতৃত্বের দাবি, আমদানিকারক ও স্থানীয় উৎপাদকদের ব্যবসায়িক স্বার্থ সম্পূর্ণ আলাদা। বিসিপিএ মূলত আমদানিকারকদের সংগঠন হওয়ায় তাদের সঙ্গে একীভূত করলে উদীয়মান দেশীয় উৎপাদন শিল্প চরম ক্ষতির মুখে পড়ত। মূলত প্রভাবশালী আমদানিকারক গোষ্ঠীর চাপে বাণিজ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে বামা অভিযোগ উত্থাপন করেছে।
একসময় পুরোপুরি আমদানিনির্ভর থাকা দেশের এগ্রোকেমিক্যাল খাতে দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই ২০২২ সালে বামাকে পৃথক টিও লাইসেন্স প্রদান করা হয়েছিল। বর্তমানে আদালতের আদেশের পর বাণিজ্য মন্ত্রণালয়ের বাতিল আদেশটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে নিজস্ব আইনি সত্তা বজায় রেখেই দেশীয় প্রস্তুতকারকদের স্বার্থরক্ষায় কাজ চালিয়ে যেতে পারবে বামা।



















