শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:৪৮

বাজেট ও মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
বাজেট ও মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ

বাজেট ও মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতিকে গভীর সংকটে ফেলবে, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ

সরকারের বাজেট ও বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির সাংঘর্ষিক অবস্থান দেশের অর্থনীতিকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতি নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারের সম্প্রসারণ-মুখী জাতীয় বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে বিদ্যমান বৈপরীত্য রাষ্ট্রের অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুতর সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ। একই সরকারের পক্ষ থেকে একদিকে বিপুল ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন এবং অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কঠোর মুদ্রানীতি গ্রহণ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে আরও গভীর সংকটে ফেলবে। জাতীয় বাজেট পাসের দিনই এই মুদ্রানীতি ঘোষণা প্রমাণ করে যে সরকারের ভেতরে অর্থনৈতিক দর্শন ও নীতির কোনো ঐক্য নেই, যার খেসারত দিতে হবে সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের।

তিনি আরো উল্লেখ করেন, টানা কয়েক বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির যন্ত্রণা ভোগ করলেও সরকার উৎপাদন ব্যয় কমানো, বাজারের সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার মতো মৌলিক পদক্ষেপ নেয়নি। বর্তমান মূল্যস্ফীতি মূলত ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকটজনিত হওয়ায় এটিকে শুধু সুদের হার বাড়িয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারের ভুল নীতি, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ, জ্বালানি সংকট এবং বাজার ব্যবস্থাপনার ব্যর্থতা দূর না করলে এই কঠোর মুদ্রানীতি কোনো কাঙ্ক্ষিত ফল দেবে না।

ব্যারিস্টার ফুয়াদ সরকারকে কৃত্রিম প্রবৃদ্ধির গল্প শোনানো বন্ধ করে জনগণের প্রকৃত অর্থনৈতিক বাস্তবতা স্বীকার করার আহ্বান জানান। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দেশের অর্থনীতি আরও গভীর অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি অবিলম্বে সরকারের অর্থনৈতিক নীতির অসামঞ্জস্য দূর করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি