বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে ওয়াহেদুজ্জামান সরদারের পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার পদোন্নতি পেয়ে একই বিভাগের পরিচালক নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন এবং দীর্ঘ ক্যারিয়ারে গবেষণা বিভাগ ও মনিটারি পলিসি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি, ইসলামী ব্যাংকিং এবং ওপেন মার্কেট অপারেশনের মতো জটিল বিষয়ে বিশেষ অবদান রেখেছেন। অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু যেমন—জিডিপি, মুদ্রানীতি ও রেমিট্যান্সের ওপর তার ১৫টি গবেষণামূলক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়াও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ভোক্তাঋণের আর্থসামাজিক প্রভাব নিয়ে পরিচালিত বিভিন্ন গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।



















