মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬| দুপুর ১২:২০

বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার স্টেম ফিড

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৭, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার স্টেম ফিড

বাংলাদেশে চালু হলো টিকটকের নতুন ফিচার স্টেম ফিড

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ক কনটেন্ট এখন থেকে আলাদাভাবে দেখা যাবে এই ফিডে।

সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে টিকটক ও সরকারের প্রতিনিধিরা একসঙ্গে ফিচারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং টিকটকের প্রতিনিধিরা।

বক্তারা আশা প্রকাশ করেন, স্টেম ফিড শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষামূলক কনটেন্ট সরবরাহ করবে। তারা বলেন, শহর ও গ্রামের পাশাপাশি সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরাও এখন ডিজিটাল মাধ্যমে বিজ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এ উদ্দেশ্যে টিকটক চালু করেছে হ্যাশট্যাগ #STEMTok, যার মাধ্যমে স্থানীয় ভাষায় কনটেন্ট তৈরি করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলাদেশের তরুণরা কৌতূহলী ও সৃজনশীল। যদি তাদের সৃজনশীলতাকে নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে যুক্ত করা যায়, তবে উদ্ভাবন ও সমস্যার সমাধানের নতুন পথ উন্মুক্ত হবে। তার মতে, টিকটকের স্টেম ফিড শিক্ষা গ্রহণকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, স্টেম ফিড শিক্ষাকে আরও সহজ, মজার ও নিরাপদ করবে। তিনি জানান, অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের সঙ্গে একসঙ্গে কাজ করে তরুণদের ক্ষমতায়ন ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চায় টিকটক।

ব্যবহারকারীদের নিরাপত্তা রক্ষায় টিকটক ইতিমধ্যে চালু করেছে ‘ফ্যামিলি পেয়ারিং’, ‘টাইম-এওয়ে শিডিউল’ ও ‘টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি’-র মতো ফিচার। শিক্ষামূলক ও বয়স-উপযোগী কনটেন্ট নিয়েই সাজানো হবে স্টেম ফিড, যা দেশের ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে টিকটক।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি