বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস সংযোগ ইভেন্টের নেতৃত্ব দিয়েছেন
মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এর জোহর বাহরু ক্যাম্পাসে এই বিশেষ ইভেন্টটি আয়োজিত হয়েছিল। বিশ্বজুড়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসকে একাডেমিক অঙ্গনে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল।
এই আন্তর্জাতিক ইভেন্টের মূল নেতৃত্বে ছিলেন বাংলাদেশি তরুণরা। বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম ইভেন্টের লিড অর্গানাইজার হিসেবে এবং ওয়েব ডেভেলপার নাসিম মিয়া কো-লিড অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের সাথে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আরও পাঁচজন অভিজ্ঞ সংগঠক যুক্ত ছিলেন। নাসিম মিয়া স্পিকার হিসেবে তার বক্তব্যে ওয়ার্ডপ্রেস স্কিল ডেভেলপমেন্ট, ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং ডিজিটাল ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইভেন্টটির সফল বাস্তবায়নে বাংলাদেশি ভলান্টিয়ারদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপে তারা দক্ষতার পরিচয় দেন। মোট পাঁচটি দেশের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করেন। ইভেন্টের ইন্টারঅ্যাকটিভ কুইজ সেশনে মেধাতালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে দুইজনই ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী এবং লাকি ড্রেও তারা আকর্ষণীয় পুরস্কার জিতে নেন।



















