বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা আহমদের ব্যতিক্রমী সাফল্য
বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনা আহমদ ব্রিটেনে অসাধারণ শিক্ষা সাফল্যের পরিচয় রেখেছেন। তিনি বিশ্বখ্যাত কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন।
এর আগে গত বছর একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি (অনার্স) ডিগ্রিতেও তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। প্রতিটি একাডেমিক বর্ষে তার গড় মার্কস ছিল ফার্স্ট ক্লাসের ওপরে, এবং বিভিন্ন সাবজেক্টে তিনি তার বিভাগের মধ্যে রেকর্ড মার্কস অর্জন করেছিলেন।
ডিগ্রির প্রথম বর্ষে তাহমিনা ইকোনোমিকস ফর বিজনেসে ৯০ শতাংশ, ফান্ডামেন্টালস ফর বিজনেস স্টাডিজ অ্যান্ড স্কিলসে ৯৮, ৮৬.৬ ও ৮১ শতাংশ এবং কারেন্ট চ্যালেঞ্জ ইন বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ প্রেজেন্টেশনে ৮০ শতাংশ মার্কস পেয়েছিলেন। দ্বিতীয় বর্ষে বিজনেস ল’তে ৮৪.৯ শতাংশ এবং অপারেশন্স ম্যানেজমেন্টে ৮১ শতাংশ অর্জন করেন। তৃতীয় ও শেষ বর্ষে ম্যানেজিং ডাইভার্সিটি বিষয়ের ৭৯ শতাংশ, স্ট্র্যাটিজিক অ্যানালাইসিস অ্যান্ড প্র্যাকটিসে ৮৩ শতাংশ এবং এমপ্লয়মেন্ট রিলেশনে ৯০ শতাংশ মার্কস পান।
তাহমিনা বিশিষ্ট পরিবারে জন্মেছেন; তার পিতা ব্রিটিশ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, নিউহ্যাম কাউন্সিলের তিন টার্মের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ এবং তার মাতা সালমা আহমদ।
ছোটবেলা থেকেই প্রখর মেধাবী ও পরিশ্রমী তাহমিনা আহমদ জানিয়েছেন, “প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহপাকের প্রতি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পিতামাতা, শিক্ষকমণ্ডলী ও বড় বোনদের প্রতি, যাদের সহায়তা ও গাইডেন্স আমাকে এই ফলাফল আনতে উদ্বুদ্ধ করেছে। আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে চাই।”
ভবিষ্যতে তিনি মাল্টিন্যাশনাল কোম্পানি বা ব্রিটিশ সিভিল সার্ভিসের উচ্চ পর্যায়ে কাজ করা বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্বপ্ন দেখছেন। তাহমিনা সকলের দোয়ার প্রার্থী।


















