বলিউডে বিরল মুহূর্ত, একই ফ্রেমে শাহরুখ খান অজয় দেবগন ও কাজল
বলিউডে বহু বছরেও যা সম্ভব হয়নি, সেটি সম্ভব করলেন অভিনেত্রী কাজল। মুম্বাইয়ে আয়োজিত শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজ ব্যাডস অফ বলিউড–এর প্রিমিয়ারে দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন শাহরুখ খান ও অজয় দেবগন। কাজলের দুই পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেন তারা, যা এক বিরল দৃশ্যে পরিণত হয়।
শাহরুখ ও কাজলের বন্ধুত্ব বলিউডে বরাবর আলোচনার বিষয়। পর্দায় তাদের জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, আবার অফস্ক্রিনেও ছিল গভীর বন্ধুত্ব। তবে অজয় দেবগন সেই সম্পর্ক পছন্দ করতেন না। কাজলের সঙ্গে বিয়ের পর থেকে শাহরুখ-কাজল জুটি ধীরে ধীরে হারিয়ে যায় পর্দা থেকে। করণ জোহর ২০১৫ সালে তাদের আবারও একসঙ্গে আনেন দিলওয়ালে ছবিতে।
২০১২ সালে অজয়ের সন অফ সর্দার এবং শাহরুখের জাব তক হ্যায় জান একই দিনে মুক্তি পাওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়। তবে এবারের প্রিমিয়ার নাইটে সেই পুরোনো মান-অভিমান আর টের পাওয়া যায়নি। শাহরুখের ছেলের নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানাতে স্ত্রী কাজলকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অজয় দেবগন।
প্রিমিয়ারের রাতটিতে শাহরুখ, অজয় ও কাজলের সবার পরনেই ছিল মানানসই কালো পোশাক। স্বামী ও বন্ধুর মাঝে দাঁড়িয়ে কাজল হয়ে ওঠেন সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু। নিজের খোলামেলা রসিকতার জন্য পরিচিত এই অভিনেত্রী মজার ছলে শাহরুখ ও অজয়কে বলেন, “বিপ বিপ অফ বলিউড”। সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।


















