বরিশালের উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে ভোটের প্রতিদান দেওয়ার প্রত্যয় বিএনপি নেতা আবু নাসেরের
বরিশালবাসী ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে রোববার বিকেলে বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এক বিশাল শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়। এই বর্ণাঢ্য র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, আস্থা ও সম্মান প্রকাশ করেছেন, তিনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন। বরিশালের জলাবদ্ধতা দূর করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি বরিশালের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















