বন্দি দশা সত্ত্বেও নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে অপহৃত হয়ে নিউইয়র্কের কারাগারে বন্দি থাকলেও নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে বহাল আছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। তিনি জানান, মাদুরোর অনুপস্থিতিতে সাংবিধানিক বিধি মেনেই তিনি দায়িত্ব পালন করছেন এবং দেশের শাসনব্যবস্থায় কোনো মৌলিক পরিবর্তন আসেনি।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের ফেডারেল কারাগারে বিচারের প্রস্তুতি চলছে। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্রই করবে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ স্বীকার করেছেন যে, তেলের উৎপাদন ও রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলিয়ে দেয়নি এবং দেশ সম্পূর্ণভাবে নিজস্ব সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। বিশ্বের মোট ভূগর্ভস্থ তেলের এক-পঞ্চমাংশ এবং বিপুল স্বর্ণের মজুত থাকায় ভেনেজুয়েলা বর্তমানে ভূ-রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে রয়েছে।
সাক্ষাৎকারে দেলসি রদ্রিগুয়েজ ভিন্নমতাবলম্বী নেত্রী ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন মাচাদো দেশে সামরিক আগ্রাসনের ডাক দিয়েছিলেন এবং মাদুরোর অপহরণকে উদযাপন করেছিলেন। তিনি স্পষ্ট জানান, মাচাদো দেশে ফিরলে তাকে জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।


















