বঙ্গোপসাগরে ভারত রাশিয়ার যৌথ নৌ মহড়া মিলান ২০২৬
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’ নামের এই মহড়াটি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের নৌবাহিনী অংশ নেবে।
রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা তাস জানিয়েছে, এই মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের একাধিক যুদ্ধজাহাজ অংশ নেবে। এর মধ্যে রয়েছে বিশাল আকারের ও অত্যাধুনিক ফ্রিগেট রণতরী মার্শাল শাপোশনিকভ, যা সাগর থেকে একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।
প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিয়মিত সামরিক টহলে ব্যবহৃত শাপোশনিকভ ইতোমধ্যেই মহড়ায় অংশ নিতে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। রাশিয়ান মেরিটাইম বোর্ড জানিয়েছে, গত বুধবার যুদ্ধজাহাজটি ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে। বঙ্গোপসাগরে মহড়া শেষ হওয়ার পর এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের উদ্দেশে রওনা দেবে এবং ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে পৌঁছাবে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই যৌথ সামরিক মহড়ার বিষয়টি তিন মাস আগেই ঘোষণা করেছিল ভারতের নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে এক ঘোষণায় ভারতের নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন এ তথ্য প্রকাশ করেছিলেন।


















