বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশে, বাংলাদেশে সতর্কতা জারি
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলে ৩ থেকে ৪ ঘণ্টা তাণ্ডব চালাবে। স্থানীয় সময় রাত ১১টায় উপকূল অতিক্রম করায় সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টির ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হবে।
বাংলাদেশে মোন্থার প্রভাবের বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। প্রাকৃতিক দুর্যোগে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, দমকা বা ঝোড়ো হাওয়ার ক্ষেত্রে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে।
এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ এড়াতে সতর্ক করা হয়েছে।



















