বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) ফান্ডের ২৭৬ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামি হলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। তাঁদের বিরুদ্ধে অপরাধলব্ধ অর্থ স্থানান্তর ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল এই অর্থ হস্তগত করার অভিযোগ আনা হয়েছে।
২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে জমা থাকা শত শত কোটি টাকার লেনদেন ও নানা অনিয়মের অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে আদালতের আদেশে ট্রাস্ট সংক্রান্ত সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন স্থগিত করা হয়েছে।
দীর্ঘ অনুসন্ধান ও পর্যালোচনার পর অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশন এই এজাহার দায়ের ও আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করল।



















